তোমার ভ্রূযুগলের মাঝে
ঐ লাল বিন্দু সাজে,
আজও তোমার নুপুর
আমার হৃদয়ের মাঝে বাজে।
তোমার পায়ের আলতায়
আজও জড়িয়ে আছে স্মৃতি,
তোমার কোলের ছায়ায়
আজ আমার কবিগীতি।
তোমার বাহুডোরে
তুমি আমায় তুলেছো গড়ে,
আগলে রেখেছো আমায়
তোমার বুকেতে করে।
তোমার তর্জনীতে
আজও বৃত্তাকারে আমি
বাঁধন আমার কাছে
আজ মুক্তির চেয়েও দামি।
তোমার কানের লতিতে
আমি সঙ্গীত এঁকে দেবো,
আমার ভালোবাসায়
আমি তোমায় রেখে দেবো।
তোমার চুলের খোঁপায়
আমি ফুল হয়ে থাকবো,
কালের যাত্রা ভুলে
আমি তোমার গন্ধ মাখবো।
তোমার কোমর দোলায়
আমি আঁচল হয়ে থাকবো,
তোমার ঠোঁটের কোণায়
আমি হাসিকে বেঁধে রাখবো।
তোমার পায়ের তলায়
আমি ফুল হয়ে ফুটবো,
সূর্য অস্ত গেলে
আমি চাঁদ হয়ে উঠবো।
তোমার বুকের মাঝে
কত স্বপ্ন আছে দামি,
স্বপ্ন না হোক সত্যি
প্রেম হয়ে যাব আমি।
তোমার স্নেহের জ্যোতিতে
আমি ভিজিয়ে নেবো গা,
তুমিই আমার প্রিয়া
তুমিই আমার মা।
