স্বপ্ন আমার ভেঙে যায়

কবিতা আমি বুঝিনাকো ভাই,
শুধু কাব্যরস খুঁজে বেড়াই।
আমার বিফল চিত্ত
হয়ে গোলাকার বৃত্ত
উৎসবিন্দুতে মিলিয়ে যায়।
      স্বপ্ন আমার ভেঙে যায়।

শব্দের খোঁজে হয়ে বধির,
চোখ বুজে শুধু খুঁজি নদী তীর।
দুঃখ প্রাণ করেছে গ্রাস,
সকল আশা পেয়েছে হ্রাস।
ব্যর্থ বিফল চিত্ত নিদ্রা যায়।
      স্বপ্ন আমার ভেঙে যায়।

দিন আসে, রাত্রি যায়,
নিদ্রিত মন তবুও ঘুমায়।
জাগার জন্যে প্রয়াস করে,
ব্যর্থ হয়ে, শয্যা ছেড়ে,
উঠতে আর চায়না প্রাণ।
      স্বপ্ন আমার ভেঙে যায়।

বন্ধুর মুখে শুনি গালাগালি,
বান্ধবী বলে, “ওরে ঠেলাগাড়ি,
চলবি কবে বিদ্যুৎ বেগে?
করবি কবে উপার্জন?
বাবার সন্ধানে আছে বহুজন।”
      স্বপ্ন আমার ভেঙে যায়।

রোজ সকালে করি প্রচেষ্টা
পরাধীন হয়ে চাকর হতে।
সন্ধ্যা হলে ফিরে আসি নীড়ে
রোজকার ন্যায় ঐ নত শিরে।
অর্থাভাবে নেশাদি দ্রব্যও করেছে আমায় বর্জন।
বান্ধবীর পুনঃ বার্তা, “কবে করবি উপার্জন?”
      স্বপ্ন আমার ভেঙে যায়।

ভেবেছিলাম কবি হবো বড়ো,
কিন্তু বাস্তব বলে কাব্য ছাড়ো।
লিখতে হবে, তবে কিছু অন্য
কাব্য নয়, চাকরির জন্য।
বাবা-মা’র গালি, “বসে বসে খায়”।
      স্বপ্ন আমার ভেঙে যায়।

ভেবেছি আগেও বহু,
আজও পারিনাকো তবু
করতে কাব্যকে বর্জন।
শুনতে পেলাম বান্ধবীর গর্জন,
“তুই মর, আমি গেলাম”।
বিবাহপত্র সে মুখের ওপর ছুড়ে দেয়।
      স্বপ্ন আমার ভেঙে যায়।

দুঃখ-যন্ত্রণা, ক্লেশ-কষ্ট,
করেছে আমার স্বপ্ন নষ্ট।
তবুও চেয়ে আছি তব পানে:
আশাভঙ্গের আশা এই বুঝি থামে।
তবুও স্মরণে রাখি, অগ্র সর্বে
বিপ্লব জন্মায় দুঃখের গর্ভে।
উদ্যম মন জেগে ওঠে,
হৃদয়-মন বিদ্যুৎ সম হয়ে যায়।
      নিদ্রা আমার ভেঙে যায়।



একটি ছেলের ব্যাপারে ভাবুন যার মধ্যবিত্ত পরিবারে জন্ম, যার বয়স যৌবন পেরিয়ে যাচ্ছে, কিন্তু তবুও কর্মহীন। দেখবেন, কবিতাটা শুধু আমার না, কবিতাটা সেই সকলের। সেই ছেলেটা কি কবি হাওয়ার স্বপ্ন দেখতে পারে? যদি দেখে, তাহলে তার কবিতায় কি কাব্য থাকবে না বিপ্লবের বাণী?

দুঃখ জন্ম দেয় যে কাব্যের, সেই কাব্যই জন্ম দেয় বিপ্লবের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *