প্রশ্ন

কবিতা রাঁধার রসদটা কি
বলতে পারো ভাই?
ছন্দ মেলাতে বসলে কেনো
নিজেই হারিয়ে যাই?

কেউ কি জানো ফুল দেখলে
কবিরা কেনো মাতে?
চাঁদ কেনো হয় রসগোল্লা
কবিতার শেষ পাতে?

বলতে পারো কবিতার সাথে
মনের কোথায় মিল?
সুকুমার পড়লে কেনো
পেটেতে ধরে খিল?

তোমরা জানো জীবনানন্দ
এত দুঃখ কেন পেতো?
কেই বা জানে রবীন্দ্রনাথ
দুধ-ভাত কেন খেতো?

বলতে পারো সুনীল কেনো
ছন্দ মিলিয়ে লেখেনি?
বলতে পারো শরৎ কেনো
কাব্য করতে শেখেনি?

কেউ কি জানো বঙ্কিম কেনো
লিখতো কঠিন গদ্য?
কেই বা জানে সুকান্ত কেনো
ভাঙতে চেয়েছে পদ্য?

রজকিনীর চরণে মাথা
কেনো দিলেন চণ্ডীদাস?
স্বর্গ-কবি নারাদ কণ্ঠে
কেনো নারায়ণের বাস?

জয়দেব কেনো ভিখারি হয়েও
পেলেন পদ্মাবতী?
গোবিন্দদাস দুঃখ পেয়েও
কেনো ছাড়েনি কাব্যরতি?

কখন রচিলেন সনাতন
তিন লক্ষ পদ?
কেনো আজও অবাক লাগে
পড়ে মেঘনাদবধ?

জানিনা কেনো কবীর পড়লে
আজও কাঁদে মন?
মূর্খ হয়েও কি করে লালন
পেল এত দর্শন?

ব্যাসদেব কেনো গণেশের হাতে
দিলেন তুলে কলম?
মহাভারত কেনো আমার
সব দুঃখের মলম?

কেউ কি জানো কি করে কবি
হলো দস্যু রত্নাকর?
কি করে পেলেন কালিদাস
সরস্বতীর বর?

বলতে পারো নির্বাচনে
কেনো নেতারাও হন কবি?
মানুষকে তারা কি করে
দেখান রাতের আকাশে রবি?

কেউ কি জানো কোথায় লুকিয়ে
হাজার হাজার কবি?
কি করে তারা কল্পনা দিয়ে
আঁকে বাস্তব ছবি?

পেলে উত্তর কেউ কি আমায়
বলবে কানে কানে?
কবিতা পড়েন অনেকেই
মর্ম ক’জন জানে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *